ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাবের অভিযানে মাদকসহ ১০ জনকে আটক করা হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
জয়পুরহাট : শুক্রবার ভোরে র্যাব সদস্যরা ৪২ বোতল ফেন্সিডিল ও ১১ বোতল বিদেশি মদসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। র্যাব সূত্র জানায়, আটক মাদক ব্যবসায়ীরা হচ্ছেন সদর উপজেলার ধলাহার ইউনিয়নের ভানাইকুশলিয়া গ্রামের সাইদুর রহমানের ছেলে সোহেল (৩৫) ও কাজেম প্রামাণিকের ছেলে সামছুল (৪০)। গোপন সংবাদে খবর পেয়ে র্যাব সদস্যরা ভানাইকুশলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের নিকট থেকে ৪২ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল এবং ১১ বোতল মদ উদ্ধার করে। এ ব্যাপারে জয়পুরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আসামিদের পুলিশে সোপর্দ করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার মোঃ আজমল হোসেন।
চাটমোহর (পাবনা) : চাটমোহর থানা পুলিশ বুধবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১২০ গ্রাম গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ উপজেলার গুনাইগাছা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রাম থেকে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আফজাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম রানাকে (৩২) আটক করে। অপরদিকে উপজেলার বামনগ্রাম থেকে পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা মাঠপাড়া গ্রামের আয়নুল হকের ছেলে নুর সালামকে (৪০) ৮০ গ্রাম গাঁজা ও মল্লিকপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে জাহিদুল ইসলামকে ৪০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাপ্পু হোসেন (২৪) নামে এক মাদকসেবীকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে। গতকাল শুক্রবার আদালতের বিচারক সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. গোলাম কিবরিয়া ওই রায় প্রদান করেন। পুলিশ সূত্র মতে, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানার পুলিশ শহরের বাঁশবাড়ী ১নং ক্যাম্পের বাসায় ড্যান্ডি নামক মাদক সেবনের সময় হাতেনাতে আটক করে ওই মাদকসেবীকে। সে ওই ক্যাম্পের মোয়াজ্জেম হোসেনের ছেলে। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ওই রায় প্রদান করে।
রায়পুর (লক্ষ্মীপুর):লক্ষ্মীপুরের রায়পুরে হিরা বেগম (২৫) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার পৌর ৩নং ওয়ার্ডের দেনায়েতপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। হিরা একই এলাকার মাদক মামলার পলাতক আসামি মনির হোসেনের স্ত্রী। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মনির পালিয়ে যায়। রায়পুর থানার (এসআই) গোলাম মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিরা বেগমের ঘরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি মামলার পলাতক আসামি তার স্বামী মনির পালিয়ে যায়। স্বামীর সাথে হিরাও দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। সকালে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
টেকনাফ (কক্সবাজার) : টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ইয়াবাসহ পর্যটকবাহী বাসের চালক-হেলপারসহ ৩ জনকে আটক করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল ৪টায় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বাহারছড়া উত্তর শীলখালী মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে টেকনাফ থেকে ঢাকাগামী পর্যটক বোঝাই বাস তল্লাশি করে ৮ হাজার ইয়াবাসহ বগুড়া কালাইপাড়ার আবুল কাসেম মণ্ডলের পুত্র চালক মো. মনজিল আলম (৩৪), হেলপার মোঃ বকুল প্রামাণিক, টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার নবী হোসেনের পুত্র ইয়াবা কারবারী মোঃ আব্দুর রহিম (২০) কে আটক করে। ঘটনাস্থল হতে পরিত্যক্ত মোটরসাইকেল ও পর্যটকবাহী জেবি ডিলাক্স বাসটি জব্দ করা হয়। এই ব্যাপারে ইয়াবাসহ আটককৃত ৩ জন ও পলাতক ১ জনকে আসামি করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মণ্ডল এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
আগৈলঝাড়া (বরিশাল) : আগৈলঝাড়ায় বাস কাউন্টারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে জিডি করেছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, আগৈলঝাড়া-কোটালীপাড়া মহাসড়কের পয়সারহাট এলাকায় সড়কের পাশের লোকাল বাস কাউন্টারের পিছন থেকে পরিত্যক্ত অবস্থায় ১০ পিস ইয়াবা উদ্ধার করেন। ইয়াবা উদ্ধারের ঘটনায় ওই রাতেই এসআই নাসির উদ্দিন বাদী হয়ে থানায় একটি জিডি করেছেন। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন আরো বলেন, প্রতিপক্ষকে ফাঁসানের জন্যই এই ইয়াবা নাটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।