হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ শিল্পমন্ত্রীর
ইত্তেফাক রিপোর্ট
বিশ্বমানের শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্প গড়ে তুলতে হংকং কনভেনশন মেনে চলার পরামর্শ দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, জাতীয় অর্থনীতিতে শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পখাতের গুরুত্ব উপলব্ধি করে সরকারের ইশতেহারে এ খাতের উন্নয়নের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন এ শিল্পখাত থেকে সরে যাওয়ায় বাংলাদেশি শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে শিল্পমন্ত্রী এ পরামর্শ দেন। শিল্পমন্ত্রীর দপ্তরে গত বৃহস্পতিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারপ্রাপ্ত শিল্প সচিব মো. আবদুল হালিম, বিএসবিআরএ’র সভাপতি এম.এ তাহেরসহ শিপ ব্রেকিং শিল্প উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিএসবিআরএ’র নেতারা এ শিল্পের দ্রুত প্রসারে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘ওয়ান স্টপ সার্ভিস’ প্রদানের দাবি জানান। তারা বলেন, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বিচ্ছিন্ন সেবা নেওয়ার পরিবর্তে একীভূত সেবা পেলে এ শিল্প দ্রুত বিকশিত হবে।