বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপনের বাড়িতে চেতনানাশক মেশানো খাবার খেয়ে পরিবারের নয়জন অসুস্থ হয়েছে। বাধাল গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ইউপি সদস্যের রান্না ঘরে রাখা ভাতে চেতনানাশক মিশিয়ে দেয়। ওই খাবার খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ধানসাগর ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন বলেন, রাত ১২টার পরে দুর্বৃত্তরা তাদের বাড়িতে হানা দেয়। তারা ঘরের বেড়া ও চৌকাঠ ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিত্কার করলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় রান্না ঘরে রাখা ভাতে চেতনানাশক মিশিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতে সবাই রাইস কুকারে রান্না করা ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু রান্নাঘরে রাখা চেতনানাশক মেশানো খাবার আর খাওয়া হয়নি। দুর্বৃত্তরা মনে করেছিল চেতনানাশক মেশানো খাবার খেয়ে ঘরের সবাই অচেতন হয়েছে। এ সুযোগে তারা বেড়া ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে। ওই খাবার সকালে খেয়ে সবাই অসুস্থ হলে খাবারে চেতনানাশক মেশানোর বিষয়টি ধরা পড়ে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. দিবাকর জানান, চেতনানাশক মিশ্রিত খাবার খেয়ে তারা অসুস্থ হয়েছে। ভয়ের কিছু নেই চিকিত্সায় সবাই সুস্থ হয়ে যাবে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।