টিকার চুক্তি প্রায় হয়ে গেছে: রাশিয়ার রাষ্ট্রদূত

রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার আই ইগ্নটভ বলেছেন, আমরা টিকা সরবরাহে এবং বাংলাদেশের জনগণকে কোভিড মোকাবিলায় সহায়তায় প্রস্তুত। এই (চুক্তি) প্রায় হয়ে গেছে। রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন জানিয়েছেন, বাংলাদেশ রাশিয়া থেকে শিগগিরই ৫০ লাখ ডোজ করোনার টিকা স্পুটনিক ভি আমদানি করতে চায়। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কাজ করছে। অনুমোদন পেলে বাংলাদেশের কয়েকটি কোম্পানি রাশিয়ার সঙ্গে যৌথভাবে টিকা উৎপাদন করতে পারবে। তিনি রাশিয়া থেকে দ্রুত করোনার টিকা আমদানির ক্ষেত্রে বিদায়ী রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করে এবং সে সময়ের সহযোগিতার জন্য রাশিয়ার সরকার এবং জনগণকে তিনি ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অবদান এবং বিভিন্ন মেগা প্রজেক্টে রাশিয়ার উন্নয়ন সহযোগিতার কথা উল্লেখ করেন।

রাশিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, আমরা টিকা সরবরাহে এবং বাংলাদেশের জনগণকে কোভিড মোকাবিলায় সহায়তায় প্রস্তুত। এই (চুক্তি) প্রায় হয়ে গেছে। দায়িত্ব পালন শেষে রাশিয়ার রাষ্ট্রদূত আগামীকাল রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

ইত্তেফাক/ইউবি