বরিশালে কর আদায় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে

বরিশাল অফিস

বরিশাল কর অঞ্চল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি কর আদায়ে সক্ষম হয়েছে। ২০১৭-১৮ কর বর্ষে বরিশালের ছয়টি জেলায় কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৩৫ কোটি টাকা। আদায়ের পরিমাণ ছিল ৪৩৫ দশমিক ৮৭ কোটি টাকা। ২০১৮-১৯ কর বর্ষে রিটার্ন দাখিলের সংখ্যা ৫৩ হাজার ২টি। ২০১৭-১৮ কর বর্ষে যার সংখ্যা ছিল ৫০ হাজার ৫২৯টি। এছাড়া চলতি কর বর্ষে রাজস্ব আহরণও বাড়ছে। সারাদেশে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার ধারাবাহিকতায় কর দাতারা কর দেওয়ায় উত্সাহী হচ্ছেন। এতে কর দাতার সংখ্যাও দিন দিন বাড়ছে। বরিশাল কর অঞ্চলে মোট ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) ধারী কর দাতার সংখ্যা এক লাখ ৩১ হাজার ৪৮৩ জন। গত বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ কর অঞ্চল কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় কর কমিশনার মকবুল হোসেন পাইক এসব তথ্য তুলে ধরেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, যুগ্ম কর কমিশনার লুত্ফর রহমান, উপ কর কমিশনার আবুল বাশার, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন প্রমুখ।

কর কমিশনার মকবুল হোসেন পাইক বলেন, ২০১৮ সালে বরিশাল কর মেলায় কর দাতাদের দাখিল করা রিটার্নের সংখ্যা ১৮ হাজার ৩৬১টি এবং আদায়ের পরিমাণ ৮ কোটি ৩২ লাখ ৯৮ হাজার ৮৮৭ টাকা। যা বিগত সব মেলার রেকর্ড ভঙ্গ করেছে।