বাংলাদেশি কর্মীদের বেতন বন্ধ, মালয়েশীয় কোম্পানির বিরুদ্ধে মামলা

ইত্তেফাক রিপোর্ট

মালয়েশিয়ার সেপাং-ভিত্তিক ল্যাটেক্স গ্লোব উত্পাদনকারী প্রতিষ্ঠান ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডি’তে কর্মরত বাংলাদেশি কর্মীরা তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। গত বছরের নভেম্বর থেকে ওই কোম্পানিতে দুই হাজারের বেশি বাংলাদেশি ও নেপালি কর্মীদের বেতন বন্ধ রাখা হয়েছে। এই বেতনের দাবিতে মঙ্গলবার পর্যন্ত তিন দিনের ধর্মঘট পালন করেছে বাংলাদেশিসহ বিদেশি কর্মীরা। এর প্রেক্ষিতে উক্ত কোম্পানির বিরুদ্ধে মামলা করার পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়ার সরকার।

মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি ও নেপালি কর্মীদের বেতন আটকে দেওয়ার জন্য ডব্লিউআরপি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডি’র বিরুদ্ধে আদালতে আইনি পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়ার সরকার। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, কোম্পানিটি বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এরপরও তাদের বিরুদ্ধে মামলা চলবে। যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। মালয়েশিয়ার শ্রম মন্ত্রণালয় এই আইনি পদক্ষেপ নিয়েছে।