চট্টগ্রামে ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যাকারী চিকিত্সক মোস্তফা মোরশেদ আকাশের স্ত্রী চিকিত্সক তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর নন্দনকানন এলাকায় খালাতো ভাইয়ের বাসা থেকে মিতুকে গ্রেফতার করে সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। মিতুর স্বীকারোক্তি অনুযায়ী আমানত শাহ (র.) মাজার এলাকা থেকে তার ব্যবহূত মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে মিতুসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরো তিন-চার জনকে আসামি করে গতকাল নগরীর চান্দগাঁও থানায় আকাশের মা জাবেদা খানম মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন—শ্বশুর আনিসুল হক চৌধুরী, শাশুড়ি শামীম শেলী, শ্যালিকা সানজিলা হক চৌধুরী, স্ত্রীর বন্ধু মাহবুবুল হক ও যুক্তরাষ্ট্রপ্রবাসী ভারতীয় নাগরিক প্যাটেল।
মিতুকে গ্রেফতারের বিষয়ে জানাতে গতকাল শুক্রবার দামপাড়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান জানান, আত্মহত্যার আগে ডা. আকাশ ফেসবুকে স্ত্রী মিতু, তার পরিবারের সদস্য ও বন্ধুদের ব্যাপারে যেসব অভিযোগ করেছেন তা যাচাই করা হচ্ছে। আকাশের মৃত্যুর পেছনে যদি কারো প্ররোচনা থাকে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আকাশ তার ফেসবুকে স্ত্রী মিতুর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ও বিভিন্নজনের সঙ্গে ছবি সম্বলিত যে স্ট্যাটাস দিয়েছিলেন সেটি ডিলিট করে দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, তদন্তের প্রয়োজনে ডিলিট করা সেই স্ট্যাটাস পুনরুদ্ধার করার সুযোগ আছে।