সকালের নাস্তা নিঃসন্দেহে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। প্রয়োজনীয় কর্মক্ষমতা লাভের জন্য দিনের শুরুতে প্রাতঃরাশ খুবই কার্যকরী ভূমিকা রাখে। প্রাতঃরাশের থেকে মেলে শক্তি। তবে সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে, যারা ওজন কমাতে চান তাদের জন্য সকালের নাস্তা ভালো কোনো ভূমিকা রাখে না। প্রাতঃরাশ করলে তা শরীরের ওজন কমাতে খুব বেশি সহায়ক হয় না। এর আগের একটি গবেষণায় বলা হয়েছিল, যারা প্রতিদিনের সকালের নাস্তায় ২৬০ ক্যালোরির বেশি খাবার গ্রহণ করে তাদের ওজন অন্যদের থেকে অন্তত এক পাউন্ড বেশি হয়।
ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত অস্ট্রেলিয়ার মনাশ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে, সকালে নাস্তা খেলেই যে শরীরের ওজন স্বাস্থ্যসম্মত পর্যায়ে রাখা যাবে, তার প্রমাণ নেই। সকালের নাস্তা নিয়ে মোট ১৩টি গবেষণার পর্যালোচনা করেন অস্ট্রেলিয়ান গবেষকরা। মনাশ বিশ্ববিদ্যালয়ের এ গবেষক দল তাদের পর্যবেক্ষণ থেকে বলছেন, সকালে নাস্তা করা বন্ধ করলে তা দৈনিক ক্যালোরির পরিমাণ হ্রাস করার ভালো একটি উপায় হতে পারে। তারা গবেষণায় দেখতে পেয়েছেন, নিয়মিত প্রাতঃরাশ গ্রহণকারীদের সার্বিক ওজন বাড়ে। অন্যদিকে যারা সকালের নাস্তা বর্জন করছে তাদের দুপুরে খুব বেশি খিদে পাচ্ছে না।
কিন্তু তাই বলে সকালের নাস্তা না করার পক্ষে যুক্তি দিতে চান না তারা। সকালের নাস্তা পুরোপুরি বাদ না দিয়ে সকালের নাস্তায় ক্যালসিয়াম এবং আঁশ জাতীয় খাবার রাখার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, শিশুদের ক্ষেত্রে সকালের ভালো নাস্তা মনোযোগ ও একাগ্রতা বাড়াতে সাহায্য করে।
তবে বয়স্কদের ওজন কমানোর ক্ষেত্রে প্রাতঃরাশের সুপারিশ করার সময় সতর্ক থাকা প্রয়োজন। কারণ এর বিপরীত প্রভাবও থাকতে পারে। অবশ্য গবেষকরা এটিও স্বীকার করছেন, তাদের পরীক্ষার সীমাবদ্ধতা রয়েছে। লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান এবং পুষ্টিবিদ অধ্যাপক কেভিন ভেলানের মতে, সকালের নাস্তা নিয়ে এই গবেষণা কখনোই দাবি করে না যে সকালের নাস্তা স্থূলতার জন্য দায়ী। -বিবিসি