আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপি-ঐক্যফ্রন্টের উদ্দেশে বলেছেন, মাঠে উত্তাপ সৃষ্টি করে লাভ হবে না। সংসদে এসে ভূমিকা রেখে সরকারকে চাপে রাখুন। ভুল-ত্রুটি ধরিয়ে দিন। গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএ আজিজের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, সংসদে না আসলে সুবর্ণ সুযোগ হারাবেন। মাঠে রাজনৈতিক উত্তাপ সৃষ্টির সুযোগও নেই। হরতাল-অবরোধ এখন ভোঁতা হয়ে গেছে। দেশের মানুষ এখন উন্নয়নে বিশ্বাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও গণতন্ত্র এক সঙ্গে চলবে। তিনি আরো বলেন, সামরিক শাসনের সময়েও আওয়ামী লীগ সংসদ ছাড়েনি। ৭৫ সালে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর সামরিক শাসক জিয়ার আমলেও আমরা সংসদে ভূমিকা রেখেছিলাম। ওই সময় সংসদকে শুধু প্রাণবন্ত নয়, বক্তব্য দিয়ে জিয়াকে কাবু করে দিতাম। বিএনপি-ঐক্যফ্রন্টের এখন বড় সুযোগ সংসদে গিয়ে কথা বলার। প্রধানমন্ত্রীর চা-চক্রে না গেলও মান-অভিমান ভুলে বিএনপি শেষ পর্যন্ত সংসদে আসবে বলে তিনি আশাবাদী।
নাসিম বলেন, পৃথিবীর কোথাও বাধাহীন অবস্থায় রাজনীতি করতে দেওয়া হয় না। বছরের পর বছর, যুগের পর যুগ জিয়া, এরশাদ, খালেদা জিয়া ও ওয়ান ইলেভেন সরকারের অত্যাচার-নিপীড়ন সহ্য করেছে আওয়ামী লীগ। বিএনপির উচিত আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়া। ৩০ ডিম্বেরের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। জনগণ ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছে। সারাবিশ্ব এ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। এ নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। স্মরণসভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, কৃষক লীগের সাবেক নেতা এমএ করিম প্রমুখ বক্তব্য রাখেন।