পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ এর সদস্যরা। বৃহস্পতিবার দিবাগত রাতে গাজীপুর জেলার শ্রীপুর থানাধীন যোগীরসীট এলাকা থেকে প্রশ্নপত্র ফাঁসকারী দুজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার যোগীরসীট গ্রামের আবুল হাসেমের ছেলে মোঃ রফিকুল ইসলাম ও শুকুর আলীর ছেলে মোঃ আকরাম হোসেন। এ সময় তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহূত ২টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে গ্রেফতারকৃত আসামিদের সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়।
র্যাব-১ সূত্র জানায়, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ রফিকুল ইসলাম জানায়, সে গাজীপুরের ভাওয়াল বদলে আলম সরকারি কলেজের অনার্স ৪র্থ বর্ষের ছাত্র। পাশাপাশি নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা ও সেখানে শিক্ষকতা করতো সে। ২০১৭ সালে বিভিন্ন ফেসবুক আইডি খুলে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রম শুরু করে সে। ফেসবুকে সে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বিভিন্ন পোস্ট দিলে ছাত্রছাত্রীরা মেসেজ দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতো। সে ২০১৭ সালের পিএসসি, জেএসসি এবং এসএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীদের ৮-১০টি পরীক্ষার প্রশ্ন বিতরণ করে মোটা অঙ্কের টাকা আয় করে। সে বিভিন্ন লিংক থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে ফেসবুকে পোস্ট দিত এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে তাদের মাঝে প্রশ্ন বিতরণ করার পর ফাঁসকৃত প্রশ্নগুলো ফেসবুক থেকে ডিলিট করে দিত।
অপর আসামি মোঃ আকরাম হোসেন জিজ্ঞাসাবাদে জানায়, সে ২০১৮ সালে এসএসসি পাস করে। ২০১৮ সালে মোঃ রফিকুল ইসলাম এর ফেসবুক আইডি থেকে অনলাইনে প্রশ্নফাঁসের কাজে যুক্ত হয় সে। ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় সে ১০টি পরীক্ষার প্রশ্নের পোস্ট দেয় এবং ছাত্রছাত্রীদের কাছে উক্ত প্রশ্ন অনলাইনে বিতরণ করে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।