সৌদি আরবের মরুভূমি থেকে মানিকগঞ্জের সিঙ্গাইরের বাসিন্দা আনোয়ার হোসেনের (৪০) গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আনোয়ার হোসেন উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাশেরহাটি মালিপাড়া গ্রামের মৃত ফটিক বেপারীর ছেলে। গত বুধবার দুপুরে সৌদি আরবের পুলিশ আল জুবাইল শহরের ২০ কিলোমিটার দূরে মরুভূমি থেকে তার লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই রজ্জব আলী মেম্বার জানান, আগামী মাসের ৬ ফেব্রুয়ারি দেশে আসার কথা ছিল আনোয়ারের। মঙ্গলবার রাতে স্ত্রীর সঙ্গে মোবাইলে শেষ কথা হয় আনোয়ারের। চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার সাজেদুল আলম স্বাধীন নিহতের বাড়ির সদস্যদের বরাত দিয়ে বলেন, ফিলিপাইনের দুই নাগরিকের সাথে আনোয়ার সে দেশে হুন্ডির ব্যবসা করতেন। হুন্ডির পাওনা টাকা চাইতে গেলে তাদের সাথে কলহ হয় আনোয়ারের। এর জের ধরে তারা কৌশলে তাদের গাড়িতে করে আনোয়ারকে গত মঙ্গলবার সৌদি আরবের স্থানীয় সময় রাত ৯টার দিকে আল জুবাইল শহরের নিজ বাসা থেকে নিয়ে যায় ২০ কিলোমিটার দূরে মরুভূমি এলাকায়। এরপর তারা তাকে হত্যা করে লাশ গাড়ি থেকে ফেলে দেয়। পরদিন সেখানকার পুলিশ আনোয়ারের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার রুমমেট বাংলাদেশি আবুল হোসেন ও জহিরুলকে আটক করে সৌদি পুলিশ। আটকদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের সূত্র ধরেই ফিলিপাইনের ওই নাগরিকদের গ্রেফতার করা হয়। তারা আনোয়ারকে হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে। আনোয়ারের বাড়িতে এখন শোকের মাতম। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে।