নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির জনপ্রিয়তা তলানীতে :তথ্যমন্ত্রী

বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির জনপ্রিয়তা এখন তলানীতে গিয়ে ঠেকেছে। বিগত নির্বাচনেই বিএনপি তার প্রমাণ পেয়েছে।’

গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সদ্য প্রয়াত উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর শোক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

প্রধানমন্ত্রীর আহ্বানে চা চক্রে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ঐক্যফ্রন্টের চিঠি দেওয়ার সমালোচনা করে তথ্যমন্ত্রী বলেন, ‘তাদের না যাওয়া অত্যন্ত স্বাভাবিক, কারণ যাদের দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রীকে ১০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়। প্রধানমন্ত্রী দুয়ারে দাঁড়িয়ে থাকলে যাদের দুয়ার খুলে না তারা প্রধানমন্ত্রীর চা চক্রে যাবেন না এটা অত্যন্ত স্বাভাবিক। যে দলের নেত্রী নিজের জন্মের তারিখ বদলে দিয়ে ১৫ আগস্ট হত্যাকাণ্ডকে উপহাস করার জন্য হত্যাকারীদের উত্সাহিত করার জন্য কেক কাটেন তারা প্রধানমন্ত্রীর চা চক্রে যাবেন না এটাই খুব স্বাভাবিক।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, উত্তর  জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুছ সালাম, সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী।