বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জনগণকে আশা-আকাঙ্ক্ষা থেকে বঞ্চিত করে কোনো সরকার কোনো দল, জোর করে ক্ষমতায় থাকতে পারবে না। এ সরকারকেও সরে যেতে হবে। অতি শিগগিরই আবারো জাতীয় নির্বাচন হবে।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরাম খাঁ হলে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের আয়োজনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নাগরিক সভায় তিনি এসব মন্তব্য করেন। সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, সাঈদ আহমেদ আসলাম প্রমুখ।
খন্দকার মাহবুব বলেন, আজকের সরকার প্রতারণা করে, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এবং প্রশাসনের সহযোগিতায় রাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে। তিনি বলেন, ঐক্যফ্রন্ট এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি আমার অনুরোধ আপনারা একটি মাত্র ইস্যুতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করুন, সেটা হল বেগম খালেদা জিয়ার মুক্তি। গণতন্ত্র ও প্রহসনের নির্বাচন সব কিছুই বলা হবে কিন্তু সবার আগে থাকবে বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন। তার মুক্তির জন্য যা কিছু দরকার রাজপথ উত্তপ্ত করে, আন্দোলন করে, সবকিছু করে তার মুক্তির ব্যবস্থা আমাদের করতে হবে।