প্রযোজনায় মনোযোগী শাকিব

 

সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করার চর্চাটা বিশ্বের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের মধ্যে রয়েছে। হলিউডের ব্র্যাড পিট, জনি ডেপ ও টম ক্রুজ থেকে শুরু করে বলিউডের আমির খান, শাহরুখ খান, সালমান খানসহ অনেকেই দীর্ঘদিন ধরে সিনেমা প্রযোজনা করছেন। ঢাকাই চলচ্চিত্রেও এই চর্চাটা এক সময় থাকলেও সিনেমার এ মন্দা অবস্থায় এই সাহসটা করছেন না এক সময়ের জনপ্রিয় অনেক নায়ক-নায়িকারা। তবে সেই সময়টা এখন কিছুটা হলেও ঘুরেছে। নিজের প্রযোজনা সংস্থা ‘এসকে ফিল্মস’ থেকে কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন শাকিব খান। অন্যদিকে জয়া আহসানও ‘দেবী’ ছবির মধ্য দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’ থেকে ‘ফুড়ুত্’ শিরোনামে আরো একটি সিনেমা নিয়ে আসছেন এই চিত্রনায়িকা। শাকিবও এ বছর আরো দুটি ছবিতে প্রযোজনা করতে যাচ্ছেন। এরমধ্যে রয়েছে ‘পাসওয়ার্ড’ শিরোনামে একটি সিনেমা, যেটি পরিচালনা করবেন মালেক আফসারী। অন্যদিকে রয়েছে ‘বীর’ শিরোনামে একটি সিনেমা। এটি পরিচালনা করবেন কাজী হায়াত্। তার প্রযোজনা সংস্থা থেকে এই দুটি ছবি মুক্তি পাবে বছরের দুটি ঈদে। ছবিগুলোতে আবারো তার বিপরীতে অভিনয় করবেন শবনম বুবলী। বরাবারের মতো এই জুটি নিয়ে দর্শকদের মধ্যে এক ধরনের একঘেঁয়েমি থাকলেও শাকিব ছাড়া অন্য কোনো নায়কের বিপরীতে এখনো দেখা যায়নি তাকে।

এর আগে শাকিব সিনেমা প্রযোজনা করলেও একসাথে দুটি সিনেমা প্রযোজনা করছেন এবার। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও শাকিবের সফলতা ইন্ডাস্ট্রিতে নতুন কিছু নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। তাই প্রযোজনায় তার এই মনোযোগ ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক। তবে শাকিবের এই মনোযোগী হওয়ার কারণ হয়তো এক কেন্দ্রিক ব্যস্ততা। কারণ চলতি সময়ে কলকাতার কোনো সিনেমা করছেন না তিনি। মাঝে কলকাতার এক প্রযোজনা সংস্থার সাথে তার দ্বন্দ্বের কথাও শোনা যায়। তবে পরবর্তীতে বিষয়টি সেভাবে গণমাধ্যমে পরিষ্কারও করা হয়নি। তাই এই সময়ে ঢাকাই চলচ্চিত্রেই ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের এই শীর্ষ তারকা।