বিনোদন ডেস্ক
গতবছর মাত্র দুটি সিনেমা মুক্তি পায় সোনাক্ষী সিনহার। তবে এই বছরে শুরু থেকে সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। জানা যায়, চলতি বছরে ৫টি সিনেমার কাজ রয়েছে তার হাতে। এছাড়াও এরইমধ্যে মুক্তির তালিকায় রয়েছে তার সিনেমা।
‘দাবাং থ্রি’ শিরোনামের এই ছবির মধ্য দিয়ে আবারো সালমান খানের বিপরীতে দেখা যাবে তাকে। ‘দাবাং’ সিরিজের প্রথম সিনেমা দিয়েই শুরু হয় সোনাক্ষীর ক্যারিয়ার। সালমানের হাত ধরে এই ছবির মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করেন তিনি। এরপর একাধিক ব্যবসাসফল সিনেমার নায়িকা তিনি। তবে এখনো সালমানের সাথে কাজ করতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন সোনাক্ষী। সম্প্রতি ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাত্কারে এমনটাই জানান এই বলিউড তারকা। ‘দাবাং থ্রি’তে অভিনয় নিয়ে সোনাক্ষী বলেন, ‘সালমান খান আমার পরিবারের অংশ। এখানে কাজ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। এর মূল কারণ এখান থেকেই আমার বলিউড ক্যারিয়ার শুরু। প্রডাকশনের সবাই আমার খুব আপন মানুষ। আমার শুরু থেকে এখন পর্যন্ত তারা আমাকে বেশ ভালোভাবে বুঝতে পারে।’
উল্লেখ্য, শুরুতে ‘দাবাং’ সিরিজের এই তৃতীয় কিস্তিতে সোনাক্ষীর থাকার কথা ছিল না। তবে শেষ পর্যন্ত তাকেই সিনেমার নায়িকা নির্বাচন করেন সালমান।
‘দাবাং থ্রি’র একটি গানের দৃশ্যে সালমান খান ও সোনাক্ষী সিনহা