আদমদীঘিতে আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও মন্দিরপুকুর গ্রামের সখিন উদ্দীন সরদারের ছেলে নজরুল ইসলামকে (৫০) গত শুক্রবার রাতে গলা কেটে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায় হত্যাকারীরা। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহীনুল ইসলাম (শাহীন) ও কাহালুর রবিউল ইসলামকে আটক করেছেন পুলিশ।

জানা গেছে, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে চাঁপাপুর বাজারে যান। রাতে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। শনিবার সকালে বাড়ির সামনের মাঠে ধানক্ষেতের মধ্যে গলা কাটা মৃত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছেন।  

আদমদীঘি-দুপচাঁচিয়া সার্কেল এএসপি আলমগীর হোসেন ও ওসি মনিরুল ইসলাম মনির ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি মনিরুল ইসলাম মনির বলেন, জিজ্ঞাবাদের জন্য শাহীন ও রবিউলকে আটক করা হয়েছে। তবে নিহত নজরুল ইসলাম একজন মাদকব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে থানায় ২টি মাদক মামলা রয়েছে। রাজনীতিক প্রতিহিংসা অথবা মাদকব্যবসার জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করে হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

ইত্তেফাক/নূহু