ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
ছাতকে পঞ্চাষোর্ধ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের ফায়ার সার্ভিস এলাকায় সড়কের পাশ থেকে ছাতক থানার এসআই পিযুষ দেবনাথ এ অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেন। সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা সকালে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পুলিশ ও স্থানীয়দের ধারণা ভোর রাতে গাড়ি চাপায় তার মৃত্যু হতে পারে। ছাতক থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম লাশ উদ্ধারের কথা স্বীকার করে জানান, লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।