মেট্রোরেলের কারণেই কাজীপাড়া ও শেওড়াপাড়ায় জলাবদ্ধতা: মেয়র আতিক

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, মিরপুর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার জলাবদ্ধতার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষই দায়ী।

বুধবার ( ১৬ জুন) সকালে রাজধানীর মিরপুর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় সড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। ডিএনসিসি মেয়র বলেন, কমপ্লায়েন্স মেনে কাজ করার কথা থাকলেও মেট্রোরেল কর্তৃপক্ষ তা না করার কারণে আশেপাশের লোকজনকে জলাবদ্ধতা ও পরিবেশ দূষণসহ নানাবিধ সমস্যায় ভোগান্তি পোহাতে হচ্ছে। 

মোঃ আতিকুল ইসলামের মতে, ড্রেন ও ফুটপাথ সচল রেখে মেট্রোরেলের কাজ চালু রাখার কথা থাকলেও বিদ্যমান অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা মেট্রোরেলের কাজের কারণেই নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তাই ড্রেন ও রাস্তা সচল রাখার ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষকেই নিশ্চিত করতে হবে। মেট্রোরেল কর্তৃপক্ষ যেসকল শর্তে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দসহ প্রকল্পের দায়িত্ব নিয়েছে তারা সেসকল শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে না। 

ডিএনসিসি মেয়র বলেন, মেট্রোরেল কর্তৃপক্ষকে মেট্রোরেল সংলগ্ন রাস্তা ও ড্রেন নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি সঠিকভাবে কাজ করতে হবে। জনকল্যাণে মেট্রোরেলের চলমান কাজ এখন থেকে প্রতি সপ্তাহেই নিয়মিত মনিটরিং করা হবে। এ বিষয়ে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। 

ডিএনসিসি মেয়র বলেন, তিনি কথায় নয় কাজে বিশ্বাসী বলেই পহেলা জুন ঢাকায় দীর্ঘ সময় ধরে রেকর্ড ৮৫ মিলিমিটার পরিমাণ বৃষ্টিপাত হলেও দ্রুততম সময়ের মধ্যেই নগরবাসীকে জলজট থেকে মুক্ত করা সম্ভব হয়েছে।

ইত্তেফাক/এসআই