সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক :স্বরাষ্ট্রমন্ত্রী

বিশেষ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সম্ভাবনার বাংলাদেশ সৃষ্টিতে বড় বাধা মাদক। মাদক নির্মূলে যা যা করণীয় সরকার তা করবে। আমাদের দেশে মাদক তৈরি হয় না, কিছুসংখ্যক অসাধু ব্যক্তি মাদক চোরাচালানে জড়িত। তিনি মাদকের বিরুদ্ধে যথাযথ ভূমিকা পালন করার জন্য ব্যবসায়ীদের আহ্বান জানান। গতকাল শনিবার রাজধানীর অফিসার্স ক্লাবে সালাম স্টিল কনকাস্ট রি-রোলিং মিলস্ লিঃ ইউনিট-২ এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ব্যবসায়ীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, টেকসই উন্নয়নের জন্য প্রয়োজনে টেকসই নিরাপত্তা ও শান্তিময় পরিবেশ যা বাংলাদেশে বিদ্যমান। ব্যবসায়ীরা যাতে নিশ্চিন্তে ও নিরাপদ পরিবেশে ব্যবসা করতে পারেন সে ধরনের পরিবেশ সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশ এখন অনেক পণ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বিদেশে রফতানি করছে। ব্যবসা সম্প্রসারণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আইন-শৃঙ্খলার উন্নয়নসহ সার্বিক সহযোগিতা প্রদানে প্রধানমন্ত্রী সচেষ্ট। অনুষ্ঠানে আবু হোসেন বাবলা এমপি, সালাম গ্রুপের চেয়ারম্যান আব্দুস সালামসহ অনেক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।