মাদক বিক্রির অপরাধে গ্রেফতার ৭৩

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীতে মাদকদ্রব্যসহ ৭৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত শুক্রবার সকাল ছয়টা থেকে গতকাল শনিবার সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রত্যেকে মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

ডিএমপি সূত্র জানায়, ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় এসব অভিযান চালিয়েছে। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার ১শ ৫১ পিস ইয়াবা ট্যাবলেট, ৫শ ১০ পুরিয়া হেরোইন যার ওজন ৫শ ২৬ গ্রাম, ২ কেজি ৭শ ৬৫ গ্রাম গাঁজা, ৭শ ৭ বোতল ফেনসিডিল ও ১২ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৪৫টি মামলা রুজু হয়েছে।