জীবনের হ্যাটট্রিক, আবাহনীর বড় জয়

স্পোর্টস রিপোর্টার

দেশের স্ট্রাইকাররা গোল খরায় ভুগছিল। বিশেষ করে ক্লাব ফুটবলে দেশি স্ট্রাইকাররা গোল না পেলে তার প্রভাব পড়ে জাতীয় দলে। জাতীয় দলের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবনকে নিয়েই বড় দুশ্চিন্তা ছিল। কারণ দেশি স্ট্রাইকাররা যদি গোল না পায় তাহলে খারাপ খবরই এটা।

জাতীয় দলের ব্রিটিশ কোচ জেমি ডের মুখে হাসি দেখা গেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা শেষে যখন সিঁড়ি ভেঙে নিচে নামছিলেন। তখন সংবাদ মাধ্যমকেও বলছিলেন জীবনের খেলা নিয়ে। জেমি ডে জাতীয় দলে নিয়ে কম্বোডিয়ায় প্রীতি ম্যাচ খেলতে যাবেন। এর আগেই যদি তার স্ট্রাইকার গোল করে চাঙ্গা হতে পারে সেটা দলের জন্যই ভালো। আবাহনীর পর্তুগীজ কোচ মারিও লেমসও জীবনকে গুরুত্ব দিয়েই কথা বললেন। খেলা শেষে জীবন মাঠ থেকে বেরিয়ে এলে তার দলের কোচের কথাই বলছিলেন। ‘কোচ আমাকে বলেছিলেন আমি পারব। আমাকে আরেকটু মনযোগী হতে হবে।’

আবাহনীর চার ম্যাচ গেল। জীবনও খেলে আসছিলেন। কিন্তু গোল পাচ্ছিলেন না। কালই প্রথম রাজার বেশে দেখা দিলেন। লিগে গোলও করলেন প্রথম, সেই সঙ্গে হ্যাটট্টিকও করে ফেললেন। ২০১৫ সালে আবাহনীর জার্সি গায়ে খেলতে শুরু করেন এই স্ট্রাইকার। এবারই প্রথম প্রিমিয়ার লিগে হ্যাটট্টিক তার।

জীবন বললেন, ‘বিদেশি খেলোয়াড়দের কারণে পারা যায় না। তা ছাড়া আমি ৯ নম্বর পজিশনে খেলি। আমাকে ১০ নম্বর পজিশনে রাখা হয়। আমি আমার সম্পর্কে জানি, কী পারব আর না পারব। আমাকে সুযোগ দিলে আরো গোল করতে পারব।’ জীবনের শরীর খুবই হালকা পাতলা। মানায় না। এই শরীরে স্ট্রাইকার পজিশনে খেলা কঠিন। জীবন বললেন, ‘জন্ডিস হওয়ার পর আর শরীর বাড়েনি। অনেক চেষ্টা করেছি উন্নতি নেই।’ 

জীবন ১৮ ও ১৯ মিনিটে গোল করলেও (২-০) বল গড়ে দেওয়ার কারিগর ছিলেন নাইজেরিয়ান সানডে চিজোবা। জীবন ফিনিশিং টাচ দিয়েছেন। রহমতগঞ্জের সিউ জুনাপিও প্রথমার্ধ্বেই ব্যবধান কমান ১-২। তারপরও রহমতগঞ্জ গোল করার মতো সুযোগ কাজে লাগাতে না পারার ব্যর্থতা ছিল। সানডেও হ্যাটট্টিক করতে পারতেন। কারণ এই প্লেমেকার দ্বিতীয়ার্ধ্বে ২ গোল করে আবাহনীকে এগিয়ে (৪-১) দিয়েও সুযোগ নিতে পারেননি।

জীবনই শেষ পর্যন্ত হ্যাটট্টিকের মুকুটটা মাথায় নিলেন খেলার অন্তিম মুহূর্তে। বলটা রহমতগঞ্জের বদলি গোলকিপার রিমনের মাথার উপর দিয়ে লব ফেলেন ৫-১। হ্যাটট্টিকও হয় সেই সঙ্গে। লেখা হয়ে যায় প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত আবাহনী বড় জয়। এক জয়ে গোল গড়ে এখন সবার উপরে লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী।   

আজকের খেলা ঃ আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী। ৩টা, ময়মনসিংহ। ব্রাদার্স ও সাইফ স্পোর্টিং। ৪টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম।