বিপিএল ফাইনালে আইসিসি চেয়ারম্যান

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশে আসছেন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। আগামী ছয় ফেব্রুয়ারি এসে তিনি নয় ফেব্রুয়ারি ফেরত যাবেন। ক’দিন ধরেই তার বাংলাদেশে আসার গুঞ্জন ছিল। গতকাল এই খবর নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বাংলাদেশে তাকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘কোনো আইসিসি চেয়ারম্যানের এটাই প্রথম বাংলাদেশ সফর। এটা যাতে আমরা সুন্দরভাবে করতে পারি সেই আলোচনা করেছি। এবং দুই একদিনের মধ্যেই আমরা কার্যক্রম চূড়ান্ত করে ফেলবো। আমরা তাকে একটি সংবর্ধনা দিব। সেটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি।’

তিন-চারদিনের সফর হলেও শশাঙ্ক মনোহরের সফরসূচি এখনো চূড়ান্ত করেনি বিসিবি। সেই কথাটাই জানালেন বিসিবি প্রধান। তিনি বলেন, ‘প্রস্তাব এসেছে আমরা জাদুঘরে নিয়ে যেতে পারি, ঢাকা শহরের আশপাশে নিয়ে যেতে পারি, কেউ বলেছে কক্সবাজার নিয়ে যেতে পারি, কেউ বলছে সিলেটে নিয়ে যেতে পারি। সিলেট স্টেডিয়াম দেখবে। কেউ বলছে পূর্বাচলে নতুন প্রকল্প দেখাতে নিয়ে যাওয়া যেতে পারে। তবে এগুলো করছে তার চাওয়া, না চাওয়ার ওপর।’