নারী পুলিশদের যোগব্যায়াম শেখাবে প্রাচীনা ইয়োগা

পুলিশ সদর দপ্তরের সহযোগিতায় দেশের নারী পুলিশ সদস্যদের জন্য ইয়োগা কর্মশালা আয়োজন করতে যাচ্ছে প্রাচীনা ক্লাসিক্যাল ইয়োগা স্কুল। স্বাস্থ্য সচেতনতার জন্য দেশের ফ্রন্টলাইন কর্মীদের উপকৃত করার লক্ষ্যে এই বিশেষ কর্মশালা আয়োজিত হবে রবিবার (২০ জুন)। 

জানা গেছে, শতাধিক নারী পুলিশ সদস্য এ কর্মশালায় অংশ নেবেন। এর আগে সম্প্রতি রাজারবাগেই ৮০ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিয়েছিল প্রাচীনা ইয়োগা।ঈশা ইয়োগার চর্চা করা হয় প্রাচীনা ইয়োগা স্কুলে। ঢাকায় বনানী চেয়ারম্যানবাড়িতে অবস্থিত স্কুলটির প্রতিষ্ঠাতা ও প্রধান প্রশিক্ষক রুমা চৌধুরী এ বিদ্যা শিখেছেন সদগুরু প্রতিষ্ঠিত দক্ষিণ ভারতের কোম্বাটোর ‘ঈশা ইয়োগা সেন্টারে’। যোগব্যায়ামের হাভার্ড বলা হয় ওই প্রতিষ্ঠানকে।

রুমা চৌধুরী বলেন, আমি বাংলাদেশের একমাত্র ঈশা ইয়োগা শিক্ষক। কোম্বাটোর ইয়োগা সেন্টার ছয়মাসের প্রশিক্ষণ শেষে সেখানকার নিয়ম অনুযায়ী ছয় বছর আগে ফিরে এসে আলাদা প্রতিষ্ঠান খুলেছি।প্রাচীনা ইয়োগা দেশের প্রত্যন্ত অঞ্চলেও যোগব্যায়াম ছড়িয়ে দিতে চায় উল্লেখ করে রুমা বলেন, আমরা বিশুদ্ধ ইয়োগা এবং স্বাস্থ্যকর জীবন বিষয়ক প্রশিক্ষণ-পরামর্শ দেই ও বিভিন্ন রোগ-ব্যাধির উপর ক্লাস নিয়ে থাকি। উদ্দেশ্য। আমরা মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

ইয়োগার উপকারিতা সম্পর্কে এই প্রশিক্ষক বলেন, ইয়োগা একটা সামগ্রিক এবং প্রয়োজনীয় জীবন দর্শন। এর অর্থ হচ্ছে ইউনিয়ন। জগতের সাথে আমাদের সার্বিক সংযোগ। এটা শরীর মনের এমন এক সক্ষমতা অর্জন যা দিয়ে একজন নিজেকে পরিপূর্ণভাবে মেলে ধরতে পারে এবং জীবন সম্পর্কে স্বচ্ছতা অর্জন করতে পারে।
ঢাকার বাইরেও রয়েছে প্রাচীনা ইয়োগার কার্যক্রম। চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ বিভিন্ন শহরে তারা কাজ করছে। কুমিল্লাতে প্রতিষ্ঠানটির স্থায়ী অবকাঠামো আছে। বিভিন্ন মেয়াদের কোর্স অফার করে থাকে প্রাচীনা ইয়োগা। এরমধ্যে তিনদিন মেয়াদী হঠযোগ কোর্স করলে খরচ হবে দশ হাজার টাকা। এছাড়া আলাদাভাবে স্কুলের মেম্বার হয়ে সপ্তাহে কয়েকদিন অনুশীলনের সুযোগও আছে এখানে।

ইত্তেফাক/এসএ/এসজেড