বিত্তবানদের সহায়তা চায় বিরল রোগে আক্রান্ত বেদানা

বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

নিজ গ্রামসহ আশপাশ গ্রামের বাড়ি বাড়ি কাজ করে জীবিকা নির্বাহ করতেন ২৫ বছর বয়সী বেদানা বেগম। কিন্তু গত ৬মাস ধরে বিরল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণতে হচ্ছে তাকে। বেদানা সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের অসহায় জমির আলী ও সিতারা বেগম দম্পতির বড় মেয়ে।

তার রোগের ধরন এমনই যে, তার বাম হাত বিশাল আকৃতির হয়ে গেছে এবং মাঝে মাঝে রক্তও বেরুচ্ছে। তার দিনমজুর সত্তোরোর্ধ্ব পিতা জমির আলীও বয়সের ভারে ক্লান্ত।  মা সিতারা বেগমও অজ্ঞাত রোগে আক্রান্ত।  বেদানার চিকিত্সকরা জানিয়েছেন, ৫ থেকে ৬ লাখ টাকা ছাড়া তাকে সুস্থ করা যাবে না। সরেজমিনে তাদের বাড়িতে গেলে সিতারা বেগম এ প্রতিবেদককে জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মইনুল ইসলাম ডালিম তাদের জানান, বিরল রোগে আক্রান্ত বেদানার চিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন। আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হওয়ার পরামর্শও দেন তিনি।

এদিকে টাকার পরিমাণ বেশি হওয়ায় গত মঙ্গলবার মেয়েকে নিয়ে পাশের বাড়ির ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেলের কাছে যান মা সিতারা।

দেশি-বিদেশি বিত্তবানদের সহযোগিতা চেয়ে ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল মেয়েটিকে বাঁচাতে পূবালী ব্যাংক বিশ্বনাথ শাখাস্থ তার নিজের সেভিং একাউন্ট নাম্বার ১০৪০১০১০৭৫২১০ এবং রকেট নাম্বার ০১৬১১০৪২৮২৮ সহায়তা প্রদানের অনুরোধ করেন।