পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা জানান, পীরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এবার পিতার পর পুত্রকে হত্যা করেছে তার চাচাতো ভাই। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত অনুমান ৮টায় মদনখালী ইউনিয়নের মদনখালী গ্রামের ৩ মাথায় মোড়ে। নিহত মাহাজুর মদনখালী গ্রামের মৃত মোস্তাফিজার রহমান মোস্তাক-এর পুত্র।
এলাকাবাসী জানায়, মাহাজুরদের সাথে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে একই গ্রামের মনসুর আলীর পরিবারের সাথে। ঘটনার দিন সন্ধ্যার পর বাড়ির অদূরে ৩ মাথা নামক স্থানে মাহাজুর বেড়াতে আসে। এ সময় প্রতিপক্ষ মনসুর আলীর পুত্র নুর-আলমসহ ৩ থেকে ৪ জন মাহাজুরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চেষ্টা করলে সে জীবন বাঁচাতে ৩ মাথার মোড় থেকে দৌড়ে প্রায় ২শ’ গজ দূরে পার্শ্ববর্তী রহিদুলের বাড়িতে আশ্রয় নেয়ার চেষ্টা করে।
এ সময় পিছে পিছে আসা নুর আলম ও তার লোকজনরা ধারালো অস্ত্র দিয়ে মাহাজুরের পায়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর হামলাকারীদের উপর্যুপরি ছুরিকাঘাতে ঘটনাস্থলেই মাহাজুর নিহত হলে হামলাকারীরা সটকে পড়ে। রাতেই পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এলাকাবাসী সূত্রে আরও জানায়, ওই জমি সংক্রান্ত বিরোধে কয়েক বছর আগে নিহত মাহাজুরের বাবা মোস্তাকও প্রতিপক্ষের হাতে নিহত হয়। পরিবার-পরিজনসহ ঢাকায় থাকে মহাজুররা।
সেখানে রিক্সা চালিয়ে সংসার চালাতো। ঘটনার ২-৩দিন আগে সে বাড়িতে বেড়াতে আসে। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা হয়েছে। এখনও কেউ গ্রেফতার হয়নি। গতকাল শনিবার সকালে রংপুর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।