রোটারীর 'কোভিড হিরো' অ্যাওয়ার্ড পেলেন তানভীর শাহরিয়ার রিমন

করোনাকালীন সময়ে কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সাহসী এবং মানবিক ভূমিকার জন্য আন্তর্জাতিক সংগঠন রোটারী ইন্টারন্যাশনাল এর 'কোভিড হিরো' অ্যাওয়ার্ড পেয়েছেন রোটারী ক্লাব অব অ্যারিস্টোক্রেট এর সাবেক সভাপতি, কর্পোরেট ব্যক্তিত্ব তানভীর শাহরিয়ার রিমন।

১৮ জুন, শুক্রবার বিকেলে রাজধানীর বনানীস্থ একটি পাচঁতারকা হোটেলে রোটারী ইন্টারন্যাশনাল এর পাবলিক ইমেজ কনফারেন্স এ করোনাকালীন সময়ে যেসকল রোটারিয়ানরা অনন্য ভূমিকা পালন করেছেন তাদেরকে এই সম্মাননা এবং সনদ প্রদান করা হয়। পিডিজি শওকত হোসাইন, পিডিজি সেলিম রেজা, পিডিজি এএফএল আলমগীর, পিডিজি এম জামালউদ্দীন, পিডিজি এফ এইচ আরিফ এই সম্মাননা তুলে দেন। এসময় প্রায় ২ শতাধিক রোটারিয়ান উপস্থিত ছিলেন।

কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা তানভীর শাহরিয়ার রিমন একটি ফেসবুক ভিত্তিক অনলাইন শো এর মাধ্যমে করোনা বিষয়ক সচেতনতা এবং নানারকম দিক নির্দেশনামূলক লাইভ শো চালু করেন, যা ২৫টি পর্বে প্রচারিত হয় ও দর্শকপ্রিয়তা পায়। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের জন্য ফান্ড রাইজিং লাইভ প্রোগ্রাম থেকে সংগৃহিত অর্থ থেকে দু'টো হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা (তৎকালিন মূল্য সাড়ে তের লাখ টাকা) ও একটি অক্সিজেন কনসেনট্রেটর (এক লাখ টাকা মূল্যের) এবং নগদ অর্থ হস্তান্তর করা হয় ফিল্ড হাসপাতালকে।

গেলবছর বন্যার্তদের সাহায্যার্তে জনপ্রিয় গায়ক ইমরানের বাদ্যযন্ত্র উকুলেলে অনলাইনে নিলামে তুলে কানেক্ট দ্য ডটস। সেই আয়োজন থেকে প্রাপ্ত সহায়তা থেকে পরবর্তীতে ৩২টি জেলায় ২৫ লাখ টাকার ত্রাণ সহযোগিতা পৌঁছে দেয় মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন, মেইড ইন বাংলাদেশ এবং কানেক্ট দ্য ডটস ফাউন্ডেশন।

মানুষকে যুক্ত করার এই প্ল্যাটফর্মটি পরবর্তীতে একটি সেবামূলক ফাউন্ডেশনে রুপ নেয়। মাও শিশু হসপিটালে অক্সিজেন কনসেনট্টেটর প্রদান, সিএমপি-বিদ্যানন্দ হসপিটালে জরুরি ওষুধ সরবরাহ, অক্সিজেন সিলিন্ডার ব্যাংক তৈরী করে বিনামূল্যে করোনা রোগীদের জন্য সরবরাহ করা, বিনামূল্যে মাস্ক বিতরণ, সিএমপিকে দুইবারে ৫০ হাজার পিস মাস্ক প্রদান,  দশজন ছাত্রছাত্রীর জন্য দীর্ঘমেয়াদী বৃত্তি চালু করা, নিম্নমধ্যবিত্তদের জন্য এক সপ্তাহের খাবার বিতরণসহ নানা সেবামুলক কাজ করে ফাউন্ডেশনটি।

রোটারীর  অ্যাওয়ার্ড পেয়ে তানভীর শাহরিয়ার রিমন বলেন, এটি কল্যাণের সংগ্রামে বুক চিতিয়ে দাঁড়ানো সকল স্বেচ্ছাসেবকদের উৎসর্গ করছি। এই পুরষ্কার আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।

ইত্তেফাক/এসটিএম