চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
চরের রাজা হিসেবে খ্যাত সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে তৃণমূলের ভোটে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক সরকারকে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মনোনীত করা হয়েছে। শুক্রবার দুপুরে জেলা আওয়ামী লীগের সহযোগিতায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি/ সাধারণ সম্পাদকদের প্রত্যক্ষ ভোটে তরুণ নেতা ফারুক সরকার ১২১ ভোটে বিজয় লাভ করে। তার প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তাজউদ্দিন ৯৩ ভোট পান। এ ছাড়া একই পদ্ধতি অবলম্বন করে দলের পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনীত হয়েছেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোল্লা বাবুল আক্তার ও নারী ভাইস চেয়ারম্যান হিসেবে প্রাক্তন ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার মনোনীত হয়েছেন।
এর আগে সকালে দলীয় প্রার্থী মনোনীত করতে এক বিশেষ যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস। তখন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু নজির মিয়ার সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংসদ অধ্যাপক ডা. হাবীবে মিল্লাত মুন্না, স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডল বক্তব্য রাখেন। এরপর প্রত্যক্ষ ভোটে ফারুক সরকারসহ তিন জন প্রার্থীকে মনোনীত করা হয়।
মনোনীত এসব প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস জানান, বিজয়ী মনোনীত আর পরাজিত উভয়ই আমাদের নৌকার কাণ্ডারী। সবাইকে মিলেমিশে ভোট নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। যারা মনোনীত হননি তাদেরকেও আগামীতে মূল্যায়িত করা হবে।