সৈয়দপুরের প্রজাপতি স্কুলের পরিচালকসহ গ্রেফতার দুই

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার ৫১ শিক্ষার্থীর প্রবেশপত্র না পাওয়ার ঘটনায় প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদকে শুক্রবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আলিম হোসেনকেও গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, প্রজাপতি স্কুলের পরিচালক শাকিল আহমেদ নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য ছাত্রদের বিশেষ ব্যবস্থায় এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ করার প্রলোভন দেখিয়ে প্রতিজনের কাছ থেকে ৮ থেকে ১২ হাজার টাকা নিয়েছে। অকৃতকার্যরা শহরের ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, কয়া গোলাহাট স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, আল ফারুক একাডেমি, সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং সৈয়দপুর পাইলট বালিকা উচ্চ বিদ?্যালয় ও কলেজের শিক্ষার্থী।

অভিযুক্ত পরিচালক শাকিল আহমেদ জানান, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার নওখৈর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ফরম পূরণ করেছেন। বোর্ড কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে তা না দেয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের দেয়া অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে জানান, শিক্ষার্থীরা মূলত প্রতারণার শিকার হয়েছে।