চিলমারীতে ছাত্রীর শ্লীলতাহানির মামলায় শিক্ষক জেলহাজতে

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

চিলমারীতে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াউর রহমান জিয়া কর্তৃক একই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টায় শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে। গতকাল শনিবার এ মানববন্ধন হয়। অভিযোগে জানা যায়, অভিযুক্ত শিক্ষক শুক্রবার সকাল সাড়ে দশটায় থানাহাট পাইলট উচ্চ বিদ্যালয়ে কোচিং পরীক্ষা শেষে অন্য ছাত্রীদের চলে যেতে বলে অষ্টম শ্রেণির ওই ছাত্রীকে একাকী বিদ্যালয়ের নির্জন রুমে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। ছাত্রীটি কোনোরকমে নিজেকে রক্ষা করে বাড়িতে গিয়ে বাবা-মাকে বিষয়টি অবহিত করলে অভিভাবকরা তাত্ক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিতভাবে অভিযোগ করেন। উপজেলা নির্বাহী অফিসার অভিযুক্ত শিক্ষককে চিলমারী থানা পুলিশকে সোপর্দ করে। পুলিশ ওই শিক্ষককে নারী ও শিশু নির্যাতন মামলায় জেল-হাজতে প্রেরণ করেন।