আল জাজিরা
জঙ্গিগোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় রান শহরে ৬০ ব্যক্তি নিহত হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এ খবর জানিয়েছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নাইজেরিয়া শাখার পরিচালক ওসাই ওজিগহো বলেছেন, এ ধরনের হামলায় জঙ্গিরা বেসামরিক লোকদের নির্বিচারে হত্যা করছে। আমরা বলতে চাই, এ হামলায় যারা দায়ী তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। কেননা এটি যুদ্ধাপরাধের শামিল। তিনি বলেন, এভাবে সাধারণ মানুষদের হত্যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। তাই অভিযুক্তদের অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা হবে। তিনি বলেন, এভাবে হামলার অর্থই হচ্ছে, নাইজেরিয়ার সৈন্যরা তাদের জনগণের সার্বিক নিরাপত্তা প্রদানে ব্যর্থ হয়েছে। দেশটির নিরাপত্তা বিষয়ক একটি সূত্র জানায়, গত জানুয়ারি মাসের ১৪ তারিখে এ ধরনের একটি হামলা হলে সেখানে বহুজাতিক বাহিনী প্রত্যাবর্তন করে। কিন্তু এরপরে নাইজেরিয়ার বাহিনী সেখান থেকে সাময়িকভাবে চলে গেলে জঙ্গিরা সে সুযোগ কাজে লাগিয়ে ফের হামলা চালায়। অবশ্য নাইজেরিয়ার সেনা সূত্র জানায়, তাদের সৈন্য সংখ্যা কমার কারণে তারা তখন সে জায়গা ছাড়তে বাধ্য হয়েছিল। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বোকো হারাম তাদের হামলার সংখ্যা আগের চেয়ে অনেক বেশি বাড়িয়েছে। গত ১০ বছরে এ ধরনের সহিংসতায় সেখানে ২৭ হাজার লোক নিহত হয়েছে। এছাড়া ২০ লাখের মতো লোক প্রাণভয়ে অন্যত্র পালিয়ে গেছে।