বর্ণবাদের অভিযোগে পদত্যাগ দাবি
বিবিসি
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর রালফ নরথামের ৩৫ বছর আগের এক ছবি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বর্ণবাদী আচরণের অভিযোগে তার পদত্যাগ দাবি করা হয়েছে। তবে গভর্নর দুঃখ প্রকাশ করেছেন সেই ছবির জন্য।
২০১৭ সালে ভার্জিনিয়ার গভর্নর নির্বাচিত হন র্যালফ নরথাম (৫৯)। তিনি যে মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন, সেই কলেজের বার্ষিক ম্যাগাজিনে ১৯৮৪ সালে প্রকাশিত এক ছবি নিয়ে তাকে রীতিমতো ধুয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মহল থেকে। ছবিতে দেখা যাচ্ছে, দুজন ব্যক্তির একজন মুখে কালো রং মেখে কৃষ্ণাঙ্গ এবং আরেকজন কু ক্লাক্স ক্ল্যান গাউন পরেছেন। কু ক্লাক্স ক্ল্যানকে সংক্ষেপে কেকেকে বা ক্ল্যান বলা হয়। ১৮৬৫ সালে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে কেকেকে নামের ‘হেট গ্রুপ’ প্রতিষ্ঠিত হয়। ওই ছবির মাধ্যমে বর্ণবাদী ও সাম্প্রদায়িক আচরণ প্রকাশ করা হয়েছে জানিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে অনেক মানুষ।
নরথাম স্বীকার করেছেন, দুই ব্যক্তির একজন তিনি। তবে কেন তিনি এমন সেজেছিলেন, তা স্পষ্ট করেননি। এক বিবৃতিতে ওই ছবির জন্য দুঃখ প্রকাশ করে নরথাম বলেন, ওই ছবিতে এভাবে নিজেকে উপস্থাপন করার জন্য তিনি গভীরভাবে দুঃখিত। তিনি বলেন, ‘আমার এখনকার অবস্থান এবং চিকিত্সা, সামরিক ও জনসেবা খাতে বছরের পর বছর ধরে যে মূলবোধের জন্য আমি লড়াই করেছি, এর সঙ্গে এই আচরণ খাপ খায় না। কিন্তু আমি স্পষ্ট করতে চাই যে, আমি বুঝতে পেরেছি এ ব্যাপারে ভার্জিনিয়াবাসীর আস্থা কতটা নাড়া খেয়েছে।’
ভার্জিনিয়ার আফ্রিকান আমেরিকানদের রাজনৈতিক সংগঠন ‘দ্য ভার্জিনিয়া লেজিসলেটিভ ব্ল্যাক ককাস’ এক বিবৃতিতে গভর্নরের ওই ছবিকে ‘ন্যক্কারজনক, নিন্দনীয় ও অপমানকর’ বলে মন্তব্য করেছে। তারা বলেছে, ওই ছবির মাধ্যমে জাতির দুঃসহ যন্ত্রদায়ক ইতিহাসকে খুঁচিয়ে মনে করিয়ে দেওয়া হয়েছে। ছবিটি নিয়ে ভার্জিনিয়ায় রিপাবলিকান নেতারাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। ভার্জিনিয়ায় রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জ্যাক উইলসন নরথামের পদত্যাগ দাবি করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘ভার্জিনিয়ায় বর্ণবাদের কোনো স্থান নেই।’