যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে রাস্তা উদ্বোধন

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নামে রাস্তা উদ্বোধন করেছে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্য প্রশাসন। কয়েক বছর আগেও শিকাগোর একটি সড়কের অংশবিশেষের নামকরণ করা হয়েছিল ‘জিয়াউর রহমান ওয়ে’। যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে এটা দ্বিতীয় রাস্তা।

রবিবার অঙ্গরাজ্যটির ম্যারিল্যান্ড বাল্টিমোর সিটির সারাটোগা স্ট্রিটের অংশে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামফলক উন্মোচন করেন ম্যারিল্যান্ড স্টেটের ডেলিগেট ডেমোক্রেট নেতা রবিন টি লুইস ও ষ্টেট হাউজ প্রতিনিধি হ্যারি ভেন্ডারি। উদ্বোধনকালে লন্ডন থেকে ভার্চুয়াল সভায় স্বাগত বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

এসময় বক্তব্য রাখেন ম্যারিল্যান্ড স্টেট গভর্নর অফিসের কমিশনার স্যাম কারকি, বাল্টিমোর সিটি মেয়রের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, বিএনপি নেতা ও ম্যারিল্যান্ড গভর্নরের দক্ষিণ এশিয়ান-আমেরিকান বিষয়ক কমিশনার আনিস আহমেদ, বিএনপির সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এবিসিসিআই) প্রেসিডেন্ট গিয়াস আহমেদ। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

প্রবাসীরা জানান, স্থানীয় বিএনপি নেতা ও ব্যবসায়ী মোহাম্মদ কাজল, হানা লুনাসহ নেতৃবৃন্দের তদবিরে জিয়ার নামে রাস্তা ও এর উদ্বোধনের বিষয়টি বাল্টিমোর সিটি কাউন্সিল অনুমোদন করে।

ইত্তেফাক/এমআর