বিএনপির পুনর্নির্বাচনের দাবিকে ‘বাচ্চাসুলভ আবদার’ বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ফুটবল ম্যাচে কোনো দল ১০ গোল খেয়ে হেরে যাওয়ার পর যদি আবার খেলার আবদার করে, তবে তা কেবল ছোট্ট শিশুদের কান্নাকাটি ছাড়া আর কিছুই নয়।’ গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়নে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ২০১৪ সালের নির্বাচনের পর সরকার ৫ বছর সফলভাবেই দেশ পরিচালনা করেছে। ২০১৮ সালের নির্বাচনের পরও আগামী ৫ বছর সরকার দেশ পরিচালনা করবে। ৫ বছর পর আবার নির্বাচন হবে। নেতিবাচক রাজনীতি পরিহার করে বিএনপিকে সে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নেয়ার আহবান জানান তিনি।
ড. হাছান বলেন, আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সব রাজনৈতিক দল এবং জোটকে চা চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে যারা গত নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছিলেন। অত্যন্ত দুঃখজনক এ আমন্ত্রণে বিএনপি ও ঐক্যফ্রন্ট সাড়া দেয়নি। তাদের সাড়া না দেওয়া খুবই স্বাভাবিক, কারণ তারা নেতিবাচক রাজনীতি করে।’
মনিরুল আলম চৌধুরী মনির সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন প্রবাসী নেতা আবুধাবী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান প্রমুখ।