নাটোরে নিখোঁজ উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সন্ধান দাবিতে হরতাল

নাটোরে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও নাটোর জেলা যুবলীগের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক জামিল হোসেন মিলনকে গুম করার অভিযোগে শনিবার নাটোরে হরতাল করে সারা দিন বিক্ষোভ ও মানববন্ধন করেছে তার অনুসারী নেতাকর্মীরা। হরতালে সারা দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের প্রবেশদ্বার নাটোরের। ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। বিকেলে প্রেসক্লাবের সামনের মানববন্ধনে জেলা আওয়ামী লীগের নেতারা মিলনের  সন্ধান দাবি করে বক্তব্য দিয়েছেন।

পুলিশ, আওয়ামী লীগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের তালতলা হাফরাস্তা এলাকার এমদাদুুল হক নিয়াজির ছেলে মিলনকে বৃহস্পতিবার রাত সোয়া ১২টার দিকে মাইক্রো যোগে প্রশাসনের পরিচয়ে তুলে নিয়ে যায় সাদা পোশাকধারীরা। এরপরই তিনি থানা ও র্যাবের অফিসে যোগাযোগ করেও তার ছেলের কোনো খোঁজ পাননি। পরে তাকে সাধারণ ডায়েরি করার পরামর্শ দেওয়া হলেও তিনি রাতে ও সকালে থানায় গিয়ে জিডি করতে পারেননি। শনিবার ভোর থেকে নাটোর থেকে সব ধরনের বাস ট্রাক চলাচল বন্ধ করে দেয় তার কর্মী সমর্থকরা। দুপুরের পর যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। এর আগে লালপুর ও বাঘা উপজেলা ঘুরে ঢাকা-রাজশাহীর যাত্রীবাহী কোচগুলো চলাচল করে। বিকেলে শহরের পুরাতন বাসটার্মিনাল এলাকায় প্রেসক্লাবের সামনে মিলনের সন্ধান দাবিতে আয়োজিত বিক্ষোভ ও মানববন্ধনে জেলা আওয়ামী লীগের নেতা সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও সৈয়দ মুর্তজা আলী বাবলুসহ দলের অন্য নেতারা বক্তব্য রাখেন।

নিখোঁজ নেতার সন্ধান দাবি করে বক্তারা বলেন, মিলনের বিরুদ্ধে যত অভিযোগই থাকুক আর যে বাহিনীই তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাক না কেন এখন তাকে আদালতের সামনে উপস্থিত করা উচিত, ন্যায় বিচার পাওয়ার সবার অধিকার আছে।