নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এবার এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মৃত তৈয়ব মিয়ার ছেলে ইস্রাফিল আজাদ স্বপন (২৩) ও চাঁন মিয়ার ছেলে নিজাম উদ্দিন (২২)।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, শনিবার দুপুরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক নমুনা সংগ্রহ করে রাখে। এ বিষয়ে মেডিক্যাল বোর্ড প্রতিবেদন দেবে।
সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল জানান, গত বৃহস্পতিবার দুপুরে পূর্ব চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের কিশোরীটি বুড়ার দোকানের কাছে যায়। সেখান থেকে ফেরার পথে অটোরিকশা চালক স্বপন তাকে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে অটোতে তুলে নেয়। এরপর তাকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে রাত ৯টার দিকে দক্ষিণ চরমজিদ গ্রামের শাহজাহানের বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে নিজাম নামে আরোও একজনসহ ধর্ষণ করে।
শুক্রবার সকালে মেয়েটি বাড়িতে পৌঁছে পুরো ঘটনা পরিবারকে জানায়। এরপর শুক্রবার রাতে তার বড় ভাই স্বপন ও নিজামকে আসামি করে চরজব্বর থানায় মামলা দায়ের করেন। রাতেই পুলিশ অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে।
আসামিদেরকে শনিবার জেলার ২নং আমলী আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক উজমা শোকরানা এ বিষয়ে পরবর্তীতে শুনানি শেষে আদেশের দিন ধার্য করে আসামিদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। একই দিন বিকেলে বিচারক ২২ ধারায় ভুক্তভোগীর জবানবন্দি রেকর্ড করেন।