বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থী নিহত

দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় চার শিক্ষার্থীসহ পাঁচ জন নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে আড়াইহাজারে বাস উল্টে আহত হয়েছেন ৫০ জন শ্রমিক। গত শুক্রবার ও গতকাল শনিবার এসব দুর্ঘটনা ঘটে। অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

খুলনা ও বটিয়াঘাটা: খুলনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল দুপুরে বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের খায়রুলের রাইচমিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বটিয়াঘাটা উপজেলার কুলটিয়া গ্রামের সিদ্দিক শেখের ছেলে বাগেরহাট সরকারি পিসি কলেজের অনার্সের ছাত্র সোহাগ শেখ (২০) ও তলাপাড়া গ্রামের জাহিদ শেখের ছেলে যশোর সরকারি এম এম কলেজের অনার্সের ছাত্র শাকিল শেখ (২১)। আহত হলেন কুলটিয়া গ্রামের শওকত শেখের ছেলে ও খুলনা সরকারি সিটি কলেজের অনার্সের ছাত্র মোজাহিদ শেখ।

বরিশাল অফিস: বরিশালের হিজলা উপজেলায় লরি চাপায় লিজা আক্তার নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। লিজা হিজলার গুয়াবাড়িয়া গ্রামের মো. কবির জমাদ্দারের মেয়ে। উত্তর গুয়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে।

রাঙ্গামাটি: বাঘাইছড়ির সাজেকে সড়ক দুর্ঘটনায় ছয় জন আহত হয়েছেন। গতকাল সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ১০ নম্বর পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা রাজবাড়ী জেলা সদরের বেড়াডাঙ্গা গ্রামের মো. হাবিবুর রহমান, আমেনা বেগম, গোলাম হোসেন , আয়শা, ওহাব ও রসুমাইয়া।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ): আড়াইহাজারে গার্মেন্টসের একটি শ্রমিকবাহী বাস উল্টে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। গতকাল সন্ধ্যায় উপজেলার দক্ষিণপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। শ্রমিকরা রুপগঞ্জ এলাকার ফকির ফ্যাশন গার্মেন্টেসর কর্মী।

রাউজান (চট্টগ্রাম): চট্টগ্রাম-কাপ্তাই সড়কে দুর্ঘটনায় শাহ আলম (৭০) নামে এক বই ফেরিওয়ালার মৃত্যু হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাহাড়তলী ইউনিয়নের বদুপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী (রাজশাহী): গোদাগাড়ীতে ট্রাকের চাপায় ইউসুফ (২১) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে রাজাবাড়িহাট যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ট্রাক ও ভ্যান মুখোমুখি সংঘর্ষ হলে ইউসুফ সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত ইউসুফ রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মারা যান।