সারাদিনই ঝরবে বৃষ্টি, থাকতে পারে আরও ৩ দিন

সকাল থেকে রাজধানীতে চলা বৃষ্টি সারাদিন অব্যাহত থাকবে। আজ মঙ্গলবার (২২ জুন) সকালে আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান এ সম্ভাবনার কথা জানান। এদিকে আগামী তিনদিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান বলেন, ‌ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে সকাল ৬টার কিছু সময় পর থেকে। বৃষ্টির এ ধারা প্রায় সারাদিনই থাকতে পারে। একটানা বৃষ্টি না হলেও থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা বেশি। এছাড়া আকাশও মেঘলা থাকতে পারে। মূলত মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে আগামী তিন থেকে চারদিন অনেক বেশি বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির বাইরে আপাতত ঝড়ের বড় কোনো আভাস নেই।

এদিকে আগামী তিনদিন সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এছাড়াও আজ দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়েছে হাতিয়ায় ৯৭ মিলিমিটার, সীতাকুণ্ডে ৮১ মিলিমিটার, সন্দ্বীপে ৭৪ মিলিমিটার, কুতুবদিয়ায় ৩৫ মিলিমিটার, কক্সবাজারে ৩৪ মিলিমিটার, বগুড়ায় ৩৩ মিলিমিটার, চট্টগ্রামে ৩০ মিলিমিটার ও ময়মনসিংহে ২৪ মিলিমিটার।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ,বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি