রহস্যজনকভাবে পদ ছাড়তে হলো ইউনিস খানকে

নিয়োগের মাত্র ৬ মাসের মাথায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের ব্যাটিং কোচের পদ ছাড়তে হলো ইউনিস খানকে। দু’পক্ষের সম্মতিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে ঠিক কি কারণে পদত্যাগ করলেন সাবেক ব্যাটিং কিংবদন্তি সেটি জানা যায় নি। 

গেল বছরের নভেম্বরে ইউনিস খানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয় পিসিবি। চুক্তি ছিল ২ বছরের। সে হিসেবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপেও কোচের পদে থাকার কথা তার। তবে এখনই পদ ছাড়তে হওয়ায় পাকিস্তানের আসন্ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফরেও যাওয়া হচ্ছে না তার। 

সম্প্রতি শেষ হওয়া টেস্ট দলের ক্যাম্পেও ছিলেন ইউনিস খান। কিছুদিন আগে করাচী ফিরেই পদ ছাড়তে হলো তাকে।

২০১৭ সালে সবধরণের ক্রিকেট থেকে অবসর নেয়ার পর গেল বছর প্রথমবারের মতো পিসিবি কর্তৃক নিয়োগ পান তিনি। হেড কোচ মিসবাহ উল হক, বোলিং কোচ ওয়াকার ইউনিস ও স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। অন্যরা থাকলেও, পদ ছাড়তে হলো তাকে। 

মূলত গত বছর শুরুতে সংক্ষিপ্ত সময়ের জন্য পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দেন ইউনিস খান। পরবর্তীতে তার কাজে সন্তুষ্ট হয়ে তার সঙ্গে ২ বছরের চুক্তিতে যায় পিসিবি। কথা ছিল, ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত তার চুক্তির মেয়াদ বাড়ানো হবে। তবে তিনি দায়িত্ব নেয়ার পর দলের ব্যাটিংয়ের খুব বেশি উন্নতি হয়নি। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে ৫টি টেস্ট খেলে একটিতেও জয় পায় নি পাকিস্তান। তবে তার অধীনে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতে পাকিস্তান। এরপর জিম্বাবুয়েকেও তাদের দেশে টেস্ট ও টি-টোয়েন্টিতে হারিয়েছে পাকরা।  

এ বিষয়ে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ইউনিস খানের মতো অভিজ্ঞ একজনকে হারানো অবশ্যই দুঃখজনক। বেশ কয়েকদিন ধরে চলা আলোচনার পর দু’পক্ষ মিলে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংক্ষিপ্ত পরিসরে হলেও তার অবদানের জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। 

কি কারণে এমন সিদ্ধান্ত সে বিষয়ে মুখ খোলেনি পিসিবি ও ইউনিস খান কোন পক্ষই। 

ইত্তেফাক/এএএন