গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে তুলার ৪টি গুদাম এবং তত্সংলগ্ন ১২টি বস্তিঘর পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে টঙ্গীর মধ্যআচিরপুর এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার স্টেশন অফিসার মো: কবিরুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মধ্যআচিরপুর এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন পাশের অন্য তিনটি তুলার গুদাম এবং বস্তি ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি এবং ঢাকার উত্তরা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে অগ্নিনির্বাপক বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে রাসেদ চৌধুরী, লিয়ন চৌধুরী ও লাভলী আক্তারের মালিকানাধীন তুলার ৪টি গুদাম এবং ১২টি বস্তিঘর মালামালসহ পুড়ে গেছে। কবিরুল ইসলাম বলেন, আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত ছাড়া এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণও বলা যাচ্ছে না।