মাদক-দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠা করব —পাট ও বস্ত্রমন্ত্রী

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, “প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক মাদক ও দুর্নীতি প্রতিরোধ এবং সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নয়নের রোল মডেল করবো। এ জন্য প্রশাসন ও সাংবাদিকদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। মাদক ও দুর্নীতির কারণে আমাদের দেশ এখনও পিছিয়ে আছে। এ থেকে মুক্তি পেতে এখনই সকলের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সাংবাদিকরা দেশের উন্নয়ন বিশ্বের কাছে তুলে ধরছেন বলেই বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। যারা মাদকের গডফাদার, তাদের নাম উল্লেখ করে আপনারা সংবাদ পরিবেশন করতে শুরু করেন। আমরাও আপনাদের সহযোগিতা নিয়ে কাজ করে তা নির্মূল করবো। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলীম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, দৈনিক যুগান্তরের রূপগঞ্জ প্রতিনিধি এ হাই মিলন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা, রূপগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল হক, ইন্সপেক্টর শহিদুল আলম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ আলমাছ, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল প্রমুখ।