ডাকাতের গুলিতে গৃহকর্তার ছেলে আহত
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় ডাকাতির চেষ্টাকালে বাড়ির মালিকের গুলিতে ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছে। গুলিতে আহত হয় ডাকাত দলের অপর এক সদস্য। ডাকাতদের ছোড়া গুলিতে আহত হন বাড়ির মালিকের ছেলেও। আহত দুইজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ডাকাত সদস্যের নাম-পরিচয় এখনও জানা যায়নি। শনিবার দুপুরে উপজেলার আউটশাহী এলাকার একটি বিল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নিহত ডাকাতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার গভীর রাতে আউটশাহী এলাকার সিলিমপুর গোলাম কবীর লাবু শিকদারের বাড়িতে গুলিতে হতাহতের এ ঘটনা ঘটে।
টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ৮ থেকে ১০ জনের একদল ডাকাত উপজেলার আউটশাহী এলাকার সিলিমপুর গ্রামের মুক্তিযোদ্ধা গোলাম কবীর লাবু শিকদারের বাড়ির কলাপসিবল গেটের তালা কেঁটে ভেতরে প্রবেশ করে। তারা ওই বাড়িতে ডাকাতির চেষ্টাকালে বাড়ির মালিকের ছেলে কনু শিকদারের (৩৫) সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। এসময় লাবু শিকদার আত্মরক্ষাার্থে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি ছুঁড়লে ডাকতদলের সদস্যরাও পাল্টা গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ দুই ডাকাতসহ ডাকাতেরা পালিয়ে যায়। এছাড়া বাড়ির মালিকের ছেলে কনু শিকদার ডাকাতের ছোড়া গুলিতে আহত হন। গোলাগোলির শব্দ পেয়ে এলাকাবাসী রাস্তায় নেমে আসে। খ্বর পেয়ে পুলিশও সাথে সাথে ঘটনাস্থলে যায়। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত সদস্য মো. ইদ্রিসকে (৩৮) আটক করা হয়। সে শরিয়তপুর জেলার জাজিরা এলাকার রহমান মাতবরের ছেলে। অপর ডাকাত সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। পরে শনিবার দুপুরে পুলিশ গুলিবিদ্ধ নিহত এক ডাকাতের মরদেহ আউটশাহী এলাকার একটি বিল থেকে উদ্ধার করে।