গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জয়দেবপুর রেল জংশনের দক্ষিণে পূর্ব চান্দনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিউল্লাহ (২২) গাজীপুরের কালিগঞ্জ উপজেলার পোটান এলাকার মাওলানা আব্দুস সামাদের ছেলে।
জয়দেবপুর রেল জংশনের স্টেশন মাস্টার মো. শাহজাহান জানান, পঞ্চগড় থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮টা ২৮ মিনিটে জয়দেবপুর স্টেশন ত্যাগ করে। কিছুদূর যাওয়ার পর স্টেশনের দক্ষিণে পূর্ব চান্দনা নামক স্থানে ওই ট্রেনে কাটা পড়ে সফিউল্লাহর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো জানান, নিহত সফিউল্লাহ ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পড়ালেখার পাশাপাশি গার্মেন্টস ব্যবসার সাথেও যুক্ত ছিলেন তিনি। তবে স্টেশন মাস্টার বিশ্ববিদ্যালয়ের নাম জানাতে পারেননি। জয়দেবপুর রেল জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুব্রত দাস জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পরে নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহ বিনা ময়নাতদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।