বিনোদন রিপোর্ট
কিংবদন্তী সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর চিকিত্সার জন্য ২৫ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী। রক্তচাপ ও ফুসফুসের সংক্রামণসহ একাধিক রোগে অনেকদিন ধরে ভুগছেন তিনি। গতকাল গণভবনে ডেকে নিয়ে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমির হাতে ২৫ লাখ টাকার সঞ্চয়ী পত্র তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমি বলেন, ‘চিকিত্সায় ২৫ লাখ টাকা সঞ্চয়ী পত্র হিসেবে দিয়েছেন প্রধানমন্ত্রী। এখান থেকে প্রতিমাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তার চিকিত্সায় ব্যয় হবে। এছাড়া আলাউদ্দিন আলীর চিকিত্সার ব্যাপারে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করেছেন। তার কাছে কৃতজ্ঞ আমরা।’
২২ জানুয়ারি আলাউদ্দিন আলী অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। তখন জানা যায়, তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন আলাউদ্দীন আলী। শুরুটা শহীদ আলতাফ মাহমুদের সহযোগী হিসেবে। পরে প্রখ্যাত সুরকার আনোয়ার পারভেজের সঙ্গে দীর্ঘদিন কাজ করেন তিনি।
চলচ্চিত্রে কাজ করে ৮ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেছেন আলাউদ্দিন আলী।