সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আয়ুব বখত জগলুলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে পৌর শহরের সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ পৌরসভা এই স্মরণসভার আয়োজন করে। স্মরণ করতে সভায় বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘আয়ুব বখত জগলুল সততা ও সাহসের কারণে এই জেলার মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছিলেন। জগলুল জীবনের বিভিন্ন পর্যায়ে দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালীন দলকে শক্তিশালী করেছেন। তাকে হারিয়ে সুনামগঞ্জের মানুষ বিশেষ করে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন— পীর ফজলুর রহমান মিসবাহ এমপি, মুহিবুর রহমান মানিক এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান প্রমুখ।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্মরণসভায় উপস্থিত ছিলেন। সভায় জগলুল-এর জীবন ও কর্মের উপর লেখা স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।