সিলেট সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে

সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট অফিস

পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, শিগগিরই সিলেট সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত করা হবে। তিনি বলেন, সিলেটের রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিত্সক এবং জনগণ এক হয়ে কাজ করতে পারলে সিলেটে একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল গড়ে তোলা সম্ভব হবে। শনিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে তাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি খুবই আনন্দিত কারণ আগে ওসমানী হাসপাতালে নার্স ছিলেন ছিল ৪০০ জন, এখন ৬৩৮ জন নার্স সেখানে রোগীদের সেবা দিচ্ছেন। বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিওমেক হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও  সেবা তত্ত্বাবধায়ক শিউলী আকতার, নার্সিং সুপারভাইজার পরিমল বণিক ও নার্সিং কর্মকর্তা মোঃ আমির উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী শনিবার সকালে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ অডিটোরিয়ামে কলেজ পর্যায়ে উচ্চ শিক্ষার মানোন্নয়নে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জরি শীর্ষক সেমিনার প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ মাহমুদুল হক, সিলেট এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক নিতাই চন্দ্র চন্দ প্রমুখ।