আতঙ্ক নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সংবাদদাতা
অপহরণ করে ৫ দিন আটকে রাখার পর এক চেয়ারম্যানের মধ্যস্থতায় উদ্ধার হওয়া আদিবাসী তরুণীকে এখন মামলা তুলে নিতে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে মেয়েটির অসহায় পরিবার। ফলে আতঙ্ক নিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে অপহূতা ওই আদিবাসী তরুণী।
জানা যায়, গত ১৭ জানুয়ারি বিদ্যালয় থেকে আসার পথে মধুপুর উপজেলার দানকবান্দা গ্রামের মহির উদ্দিনের পুত্র হেলাল উদ্দিনসহ ২/৩ জন বখাটে হাতিলেইটে গ্রামের এসএসসি পরীক্ষার্থী আদিবাসী তরুণীকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ৫ দিনের মাথায় জনৈক চেয়ারম্যানের মধ্যস্থতায় অপহূত আদিবাসী মেয়েটি উদ্ধার করা হয়। পরবর্তীতে মেয়ের মা হেলালকে আসামী করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। জবানবন্দিতে মেয়েটি হেলাল তাকে আটকে রেখে ধর্ষণ করেছে বলে জানায়। এদিকে মামলা হওয়ার পরও পুলিশ এই ঘটনার মূলহোতা হেলালকে গ্রেফতার করতে পারেনি। বখাটে হেলাল এখন আদিবাসী মেয়েটিকে মোবাইল ফোনে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে জানা যায়। মামলার তদন্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর ফেরদৌস আলম জানান, মেয়েটির যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়, আমি সে ব্যাপারে খোঁজ-খবর নিয়েছি। অপহরণকারী হেলালকে গ্রেফতারে তত্পরতা চলছে।