বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
বাঁশখালী উপজেলায় চাম্বল, পুইছড়ি, ছনুয়ায় ৩টি স্কুল-কাম-সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর স্কুল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাঁশখালী উপজেলা প্রসাশন আয়োজিত ডাক বাংলোতে গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায় বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আকতারের সভাপতিত্বে প্রকল্পটির একাদশ পর্যায়ে সম্পন্ন ফায়েল প্রোগ্রামের বাঁশখালী উপজেলার ৩টি স্কুল-কাম-সইক্লোন শেল্টার হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাম্বল উচ্চ বিদ্যালয় পরিচালনা সভাপতি মো. সাব্বির মোস্তাফা, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, নাপোড়া স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম ও পরিচালনা পরিষদ সদস্য মুজিবল হোসাইন চৌধুরী টিপু।
ঘূর্ণিঝড় সিডর আক্রান্তদের জন্য ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইএসডিবি) কর্তৃক ফায়েল খায়ের কর্মসূচির লিড পোর্টফোলিও ম্যানেজার (আই এস ডি বি) সুফী মোস্তাক আহমেদ বলেন, এর প্রতিটি আধুনিক স্থাপনা ২৪০ জন শিক্ষার্থীকে শিক্ষা প্রদানে সহায়ক হবে। প্রাকৃতিক দুর্যোগের সময় ২ হাজার মানুষ এবং ৫ শত গবাদি পশু একেকটি ভবনে আশ্রয় নিতে পারবে যা বাংলাদেশের জন্য প্রায়শই অতি প্রয়োজনীয় হয়ে পরে।
জেদ্দার ল্যান্ড ফোর্টপলিও ম্যানেজার ড. নিজাদ মোহাম্মদ সুবী বলেন, স্কুল-কাম-সাইক্লোন শেল্টার ভবন এমনভাবে ডিজাইন করা হয়েছে যা প্রতি ঘণ্টায় ২৬০ কি.মি. পর্যন্ত বায়ুপ্রবাহ (ঘূর্ণিঝড়) প্রতিরোধে সক্ষম। ভবনগুলোতে পরিবেশবান্ধব ডিজাইন, সৌর বিদ্যুতের মাধ্যমে বিদ্যুত্ ব্যবস্থা, বিকন লাইট, উন্নতমানের আসবাবপত্র ইত্যাদি সুবিধা সংযোজিত হয়েছে। এতে সুপেয় পানি সরবরাহ এবং বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, যা এই উপকূলীয় অঞ্চলে দুর্যোগের সময় পানির অভাব অনেকটাই পূরণ করবে।