বরুশিয়া ডর্টমুন্ডে দুর্দান্ত এক মৌসুম কাটানোর পর গ্রীসে অবকাশ যাপনে গেছেন আর্লিং হ্যালান্ড। সেখানে গিয়ে ২০ বছর বয়সী এই তারকা দু’হাতে টাকা উড়াচ্ছেন বলে জানা গেছে।
গ্রীসের একটি গণমাধ্যম লিখেছে, মাইকোনোস দ্বীপে দারুণ সময় কাটাচ্ছেন হ্যালান্ড। সেখানকার স্থানীয় একটি রেস্টুরেন্টে বন্ধু-বান্ধবসহ ৬ ঘন্টা কাটিয়েছেন। যার জন্য তিনি ৫ লাখ ইউরো বিল দিয়েছেন বলে দাবি করছে গণমাধ্যমটি। যেটি বাংলাদেশি অংকে ৫ কোটি টাকারও বেশি!
কেবল তাই নয়, রেস্টুরেন্ট ছাড়ার সময় হোটেলের স্টাফদের জন্য ৩০ হাজার ইউরো বকশিসও নাকি দিয়েছেন তিনি। বাংলাদেশি টাকায় সেটিও ৩০ লাখ টাকার বেশি!
গ্রীক পত্রিকাটি আরো লিখেছে, লাঞ্চের পাশাপাশি ৪ বোতল শ্যাম্পেন পান করেন তারা।
এরপর হ্যালান্ডের অবকাশ যাপন নিয়ে আরো ২টি খবর ছাপে পত্রিকাটি। এ নিয়ে ব্যাপক হুলস্থুল শুরু হয়। নজর এড়ায় নি নরওয়েজিয়ান এই তরুনেরও। টুইটারে হ্যালান্ড খবরটিকে ‘ভুয়া’ বলে দাবি করেছেন।
তিনি লিখেছেন, আমার মনে হয় তারা মূল খাবারের কথাই ভুলে গেছে। ফেইক নিউজ।
হ্যালান্ডের প্রতিক্রিয়ার পর আবারো নিজেদের মতামত জানিয়েছে গ্রীক পত্রিকাটি। তারা লিখেছে, খবরটিকে ভুয়া দাবি করার জন্য হ্যালান্ডকে আমরা ক্ষমা করবো। কারণ পুরো বিষয়টি আমাদের জানা আছে। আমরা শুধু এটি মাথায় রাখবো যে সে আমাদের বিষয়ে কথা বলেছে। এটি এমন একটি ব্যাপার, যেটি পৃথিবীর অনেক বড় গণমাধ্যমও করতে পারেনি।
গেল মৌসুমে দুর্দান্ত পারফর্ম করে পুরো ইউরোপের নজর কেড়েছেন আর্লিং হ্যালান্ড। ফলে তাকে কিনতে আগ্রহী সবগুলো বড় ক্লাব। এরমধ্যে তার দিকে হাত বাড়িয়েছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, চেলসি, য়্যুভেন্তাস ও বায়ার্ন মিউনিখ সহ অনেক ক্লাবই।
ইত্তেফাক/এএএন