শেখ মহিউদ্দিন আহাম্মদ, ময়মনসিংহ প্রতিনিধি
নিজেদের হোম ভেন্যুতে জিতেই চলছে আরামবাগ ক্রীড়া সংঘ। ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে গতকালকের ম্যাচে আরামবাগ ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়েছে। আরামবাগের কোচ মারুফুল হকের শিষ্যরা টানা তৃতীয় জয় নিয়ে মাঠ ছেড়েছে।
ময়মনসিংহে খেলতে এসে প্রথম হারের কষ্ট নিয়ে ফিরেছে চট্টগ্রাম আবাহনী। ৬১ আরিফুর রহমান এবং ৭৪ মিনিটে ক্যামেরুনের ফরোয়ার্ড পল এমিলি গোল করেন।
শেখ রাসেল ক্রীড়া চক্রের বিপক্ষে ৪ মিনিটে ১-০ গোলের জয় দিয়ে এবারের মৌসুমে যাত্রা শুরু করে আরামবাগ। এরপর থেকেই প্রতিটি ম্যাচেই দারুণভাবে খেলছে মতিঝিল ক্লাব পাড়ার দলটি।
আগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে বড় জয়ে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে উজ্জীবিত ছিল আরামবাগ। লিগে এখনো ম্যাচ জয়ী চট্টগ্রাম আবাহনী ম্যাচে তেমন ভোগাতে পারেনি আরামবাগকে। গোলশূন্য প্রথমার্ধে তারা এমন কোনো আক্রমণ করতে পারেনি যা প্রতিপক্ষ গোলরক্ষককে পরীক্ষায় ফেলে।
ম্যাচের ৬১ মিনিটে বক্সের ভেতরে থেকে এমিলির ক্রসের বলে গোল করেন আরিফুর রহমান ১-০। ১৪ মিনিট পর আবারো গোল। চিনেডু ম্যাথি সের ক্রসের বলে হেড করেন এমিলি ২-০।
ম্যাচের ৭৫ মিনিটে আবারো সুযোগ পেলেও গোল করতে পারেনি আরামবাগ। ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আরামবাগ।