স্পোর্টস ডেস্ক
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোল সত্ত্বেও ইতালিয়ান সিরি আ’তে হোঁচট খেয়েছে শিরোপাধারী জুভেন্তাস। নিজেদের মাঠে পার্মার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে কোচ ম্যাসিমিলানো অ্যালেগ্রির দল। শুরুতে দুই গোলের ব্যবধানে এগিয়ে গিয়েও জয় না পাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন রোনালদো।
শনিবার নিজেদের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে ৩৬ মিনিটে রোনালদোর লক্ষ্যভেদে এক গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ বিরতিতে যায় জুভেন্তাস। ৬২ মিনিটে দানিয়েল রুগানির গোলে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। এর দুই মিনিট পর আন্তনিও বারিয়ার গোলে ব্যবধান কমায় পার্মা। ৬৬ মিনিটে রোনালদো ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পেলে আগের অগ্রগামিতা ফিরে পায় জুভেন্তাস। কিন্তু ৭৪ মিনিট এবং দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে পার্মা ফরোয়ার্ড জার্ভিনহো গোল করলে ড্রয়ে বাধ্য হয় কোচ অ্যালেগ্রির শিষ্যরা।
ম্যাচ শেষে সাংবাদিকদের রোনালদো জানান, ‘গোলগুলোর জন্য আমি খুশি, তবে ফলাফলের জন্য নয়। এটাই ফুটবল। শেষ সময়ে আমাদের খেলা কিছুটা পড়ে এসেছিল এবং পার্মা আমাদের ভুলগুলোর সুযোগ নিয়েছিল।’
গত কিছুদিন ধরেই পড়তি ফর্মের সঙ্গে লড়ে চলেছে জুভেন্তাস। তবে দলের এ অবস্থার পেছনে কড়া খাটুনির কোনো হাত দেখছেন না রোনালদো। তিনি বলেন, ‘ভারী কাজের চাপের কারণে শেষ কয়েকটা ফলাফল এসেছে বলে আমি মনে করি না। আমরা স্বচ্ছন্দেই আছি এবং কোনো দুশ্চিন্তা করছি না।’
এ নিয়ে টানা দুই ম্যাচে জয়হীন রইল জুভেন্তাস। পার্মার সঙ্গে ড্রয়ের আগে আতলান্তার কাছে হেরে কোপা ইতালিয়া থেকে বিদায় নিয়েছিল।
পার্মার বিপক্ষে এ ড্রয়ের পরেও জুভেন্তাস ৯ পয়েন্টের ব্যবধানে তালিকার শীর্ষে অবস্থান করছে। লিগে টানা ২২ ম্যাচ ধরে অপরাজিতও রয়েছে তারা।